সারা বাংলা

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ গাড়িটিতে থাকা ৯ যাত্রী দগ্ধ হন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১২) ও মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)।

আহতরা হলেন- ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

স্থানীয় সূত্র জানায়, যাত্রীভর্তি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।

মহাসড়কের পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান চালক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, “আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”