গাজীপুরের কালীগঞ্জে ভাড়া বাসা থেকে ইব্রাহিম খলিল (২৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পৌরসভার দেওপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন।
মারা যাওয়া ইব্রাহিম নরসিংদীর শিবপুর উপজেলার ঘরবড়ী নগর মহশ্বরদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়ায় জনৈক লাল মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন। ইব্রাহিম স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় ইব্রাহিম ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকির একপর্যায়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
নিহতের প্রতিবেশী হৃদয় মিয়া বলেন, “ইব্রাহিম ভাই খুব চুপচাপ স্বভাবের মানুষ ছিলেন। কিছুদিন ধরে তাকে মানসিকভাবে অসুস্থ মনে হতো। প্রায়ই ফোনে কারো সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতেন। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, তিনি জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।”
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম খান জানান, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন। আর্থিক ও পারিবারিক চাপে ভুগছিলেন তিনি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ধরনের অনলাইন জুয়া সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, নিহত ব্যক্তি অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন।”