বিনোদন

গানে গানে ঈদ মাতাবেন আঁখি আলমগীর-আনিকা

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে গানে গানে ঈদ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও রকস্টার তাসনিম আনিকা।  

ঈদের ৭ দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও আরো অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবণী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।  

ঈদের দিন পারফর্ম করবেন আঁখি আলমগীর এবং ৪র্থ দিন তাসনিম আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। 

আঁখি আলমগীর বলেন, “বৈশাখী আমার পরিবার। ঈদ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের কাছে আমার গান ভালো লাগবে বলে বিশ্বাস করি। তাদের ভালো লাগলেই আমি খুশি।” 

নিজের সেরাটা দিয়ে পারফর্ম করেছেন আনিকা। তা জানিয়ে এই শিল্পী বলেন, “বৈশাখী টেলিভিশনে এই প্রথম পারফর্ম করছি আমি। ভালো করার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা দর্শরাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।”