সারা বাংলা

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের জনগণের জীবনমান উন্নয়নে সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ। 

বুধবার (১৮ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানি খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি ছিল, সরকার গঠন করলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এরই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জের শিংজানি খাল পুনঃখনন করা হচ্ছে। এই খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, পাশাপাশি সারা বছর কৃষক তাদের জমি সেচ দিতে পানি পাবেন। ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।