সারা বাংলা

টেকনাফে দুটি পিস্তল উদ্ধার, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ (আইস) একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার আব্দুল আলীম তাহের (২৮) উপজেলার হ্নীলা ওহাববারাং এলাকার আবু তাহেরের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে একটি অটোরিকশায় মাদক পাচারের তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল লেদা ও মুছনী বাজার এলাকায় অবস্থান নেয়। ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি আরো জানান, তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা দুটি প্যাকেটের একটিতে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি এবং অন্য প্যাকেটে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। 

এ ঘটনায় অটোরিকশা চালক আব্দুল আলীম তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।