সারা বাংলা

পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

রাজধানী ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। পদ্মা সেতু উদ্বোধনের পর এই রুটে যানবাহন ও যাত্রীর চাপ কমে গেলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায়।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়।

সাভার, ধামরাই, গাজীপুর, আশুলিয়া অঞ্চলের কারখানাগুলো ছুটি হওয়ায় এই নৌরুটে চাপ বেড়েছে। যাত্রীরা ঘাটে অপেক্ষায় থাকছেন। লঞ্চ ঘাটে ভেড়ানোর সঙ্গে সঙ্গে তা কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে।

কুষ্টিয়াগামী যাত্রী তোফায়েল আহমেদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, “সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করি। দুপুরে ছুটি হয়েছে। ঘাটে আসতে তেমন সমস্যা হয়নি। তবে, ঘাটে অনেক ভিড়। টিকেট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। লঞ্চ আসলে পারাপার হবো।”

বিলকিস আক্তার নামের এক যাত্রী বলেন, “লঞ্চের জন্য ২০ মিনিট ধরে অপেক্ষায় আছি। যাত্রীর চাপ বেশি হওয়ায় সিরিয়ালে আছি।”

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান বলেন, “বেলা ৩টার পর পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ বেড়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত লঞ্চ চলাচল করায় কোনো ভোগান্তি নেই। ভিড় বাড়ায় যাত্রীদের সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।”