ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে প্রায় তিন গুণ। প্রতি মিনিটে প্রায় ৩৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে প্রায় ১৩টি যানবাহন সেতু পারাপার হয়।
বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।