জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে একজন পেস অলরাউন্ডারের ঘাটতি স্পষ্টভাবেই অনুভব করছেন বিসিবির নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। সামনে বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে—বিশেষ করে ঘরের মাঠে ট্রু উইকেটে খেলার পরিকল্পনা এবং বিদেশের প্রতিকূল কন্ডিশন—এসব বিবেচনায় একজন কার্যকর পেস অলরাউন্ডার দলকে বড় সুবিধা দিতে পারে। একই সঙ্গে এমন একজন অলরাউন্ডার স্কোয়াডের কম্বিনেশনে প্রয়োজনীয় ভারসাম্যও এনে দিতে সক্ষম।
হাসিবুল হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিনের কথা চিন্তা করছেন। সঙ্গে তার ভাবনাতে আছে সৌম্য সরকারের নামও। এছাড়া প্রতিশ্রুতিশীল পেস অলরাউন্ডারের খোঁজেও আছেন তিনি। সেক্ষেত্রে আব্দুল গাফফার সাকলায়েনের নামও আসতে পারে নির্বাচকদের টেবিলে। ঘরোয়া ক্রিকেটে ডানহাতি পেস অলরাউন্ডার নিজের প্রতিশ্রুতি দেখাচ্ছেন। তাকে সামনে দেখলে অবাক হওয়ার থাকবে না।
জাতীয় নির্বাচক পদে রদবদল হওয়ার অপেক্ষায়। গাজী আশরাফ হোসেন লিপু এই মাস শেষেই চাকরি ছেড়ে দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তিনি পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটারদের থেকে বিদায়ও নিয়েছেন। নতুন করে বিসিবি নির্বাচক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া হাতে নেয়। যেখানে বিসিবি আগ্রহী ব্যক্তিদেরকে আবেদন করার আহ্বান জানায়। সাক্ষাৎকারের মাধ্যমে তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন কেবল ঘোষণার পালা।
যতটুকু জানা গেছে, সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। হাসিবুল হোসেনের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হবে নাঈম ইসলাম। সামনে বাংলাদেশের নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। সাদা বলে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। নতুন নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট হবে এই সিরিজ।
এর আগেই হাসিবুল হোসেন একজন পেস অলরাউন্ডারের প্রয়োজনের কথা তুলে ধরেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার সিরিজের কথা যদি চিন্তা করেন। ওখানে একজন পেস অলরাউন্ডার লাগবে। যে পেস বোলিংয়ের সাথে আপনার লেট মিডল অর্ডার সামলে নেবে। সাইফ উদ্দিন যদি ফর্ম ফিরে আসতে পারে তাহলে সাইফ উদ্দিন ভালো অপশন। কিন্তু পারফরম্যান্সের ওপরই সব নির্ভর করছে। এই জায়গায়, পেস বোলিং অলরাউন্ডারের সংকট আছে বাংলাদেশের।‘’
সৌম্য সরকার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও হাত ঘোরান। পাকিস্তান সিরিজে তাকে একটা ম্যাচেও খেলানো হয়নি। তবে সামনে সুযোগ পাবেন এবং তার অভিজ্ঞতারও মূল্যায়ন হবে বলে নিশ্চিত করলেন হাসিবুল, ‘‘একটা সিরিজের আগে ফর্মে ছিল, এখন ফর্মে নেই…তাকে ওই সিরিজের কথা মাথায় রেখে খেলিয়ে দাও আমার মনে না এটা ঠিক। বরং এখন যে ফর্মে আছে তাকে ব্যবহার করা হোক। সৌম্য সুযোগ পায়নি এটা ঠিক। সামনে যখন সুযোগ পাবে তখন ভালো করার জেদ আরও বেশি থাকতে হবে।’’
সবার সঙ্গে আলোচনা করেই দল নির্বাচনের কথা বললেন হাসিবুল। সঙ্গে ২০২৭ বিশ্বকাপকে চিন্তা করে ২৫ জনের পুল তৈরির পরিকল্পনাও বললেন তিনি, ‘‘সুমন ভাই প্রধান নির্বাচক হচ্ছেন। নাঈম ইসলাম যদি আসে তো নাঈমের সঙ্গেও কথা বলা হবে। এছাড়া হেড কোচ, অধিনায়ক আছে। তাদের সঙ্গে কথা বলেই দুই পক্ষের পছন্দ মিলিয়ে দল গড়তে হয়।’’