সারা বাংলা

ব্যতিক্রমী ট্রাফিক ব্যবস্থাপনায় যমুনা সেতুতে সচল ঈদযাত্রা

ঈদযাত্রার চাপে সৃষ্ট তীব্র যানজট এড়াতে যমুনা সেতুতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ট্রাফিক ব্যবস্থাপনা। দেড় ঘণ্টা ঢাকামুখী লেন বন্ধ রেখে বিপরীতমুখী লেন ব্যবহার করে যানবাহন পারাপার করা হয়েছে। ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি পেয়েছেন উত্তরবঙ্গগামী যানবাহনের চালক ও যাত্রীরা।

জানা যায়, সেতুর ওপর ১৫টি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পূর্ব প্রান্তে অন্তত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই কারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সেতুকে একমুখী (ওয়ানওয়ে) করে এক লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হয়েছে। দুপুর দুইটার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজার ঢাকামুখী লেনে প্রায় ২ কিলোমিটার জুড়ে যানবাহনের গাড়িগুলো সারিবদ্ধ হয়ে ছিল। তবে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে যানজট থাকলেও পশ্চিম পাড়ে নেই।

যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, রাত ১২টা থেকে সকাল ১০ পর্যন্তু সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়েছিল। এ কারণে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এ যানজট এড়াতে একমুখী করে দুই লেন দিয়ে যানবাহন উত্তরবঙ্গের দিকে পার করানো হয়। পরবর্তীতে আবার দুই লেন চালু হয়। এখন গাড়ি দ্রুত সেতু পার হয়ে যাচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যে সেতুতে যান চলাচল স্বাভাবিক হবে।