সারা বাংলা

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তার সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাস আগে ইমরান আবার একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটান বলে অভিযোগ।

লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, “পরকীয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেন ছয়জন। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।”