বিনোদন

‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

ঈদুল ফিতর উপলক্ষে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য বেশি রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন—“এবার ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না; কোনো চাঁদাবাজিও হচ্ছে না।” 

মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, অনেকে ট্রল করছেন। দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবর হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে কুদ্দুস বয়াতি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। স্যাটায়ার করে এই শিল্পী লেখেন, “ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।” 

কুদ্দুস বয়াতি তার স্ট্যাটাসে একটি মন্তব্য করেছেন। তাতে এই শিল্পী লেখেন, “আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে।”  

কুদ্দুস বয়াতির এসব পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। তার এই স্যাটায়ার বক্তব্য অনুধাবন করে তারও প্রতিক্রিয়া অনেকে ব্যক্ত করেছেন। মণি হায়দার লেখেন, “৩০০ ভাগ সত্যি। মাননীয় সড়ক মন্ত্রীর দয়া।” মিলন মাহমুদ লেখেন, “শুনলাম কয়েকজনকে ঈদের মার্কেটও করে দিয়েছে।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে শোভা পাচ্ছে।