গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাইম হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, ভোররাতে উপজেলার বাগদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাইম হোসেন উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নাইমের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর মোবাইলে পরিচয় হয়। এর সূত্র ধরে প্রায়ই ওই নারীর সঙ্গে দেখা করতে চাইতেন তিনি। গত ৪ এপ্রিল সন্ধ্যার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাইম ওই প্রবাসীর বাড়িতে গিয়ে হাজির হন। সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে রাখেন। পরে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এছাড়া, বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন নাইম। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “সকালে নাইমকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক আবেদনের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”