ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘‘কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ”।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয় এবং সেখানে হাজারো মানুষ প্রতিক্রিয়া জানান।
অন্যদিকে পরিবহন খাতের সংশ্লিষ্টরা ভিন্ন চিত্র তুলে ধরছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক ও শ্রমিকদের শীর্ষ সংগঠনগুলো দাবি করেছে, ঈদযাত্রায় কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল ও পয়েন্টগুলোতে তারা নজরদারি চালাচ্ছেন বলে জানিয়েছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
তবে ভোক্তা ও যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর বক্তব্য একেবারেই ভিন্ন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় এবারও ব্যাপক আকার ধারণ করেছে। তাদের দাবি, বিভিন্ন রুটে বাস ও মিনিবাসে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে, যা সামগ্রিকভাবে বড় অঙ্কে পৌঁছেছে।
পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে যাত্রী কল্যাণ সমিতির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তারা দাবি করেছে, সংগঠনটির দৃশ্যমান কোনো তৎপরতা মাঠপর্যায়ে নেই এবং তাদের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।