সারা বাংলা

৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫ যানবাহন পারাপার হয়েছে। ৯৬ ঘণ্টায় এ সব যানবাহন থেকে ১২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ১০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। 

সেতু কর্তৃপক্ষ জানায়,  রবিবার  রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টোল আদায় হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত যমুনা সেতুতে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ১২টা পর্যন্ত যমুনা সেতুতে ৫১ হাজার ৫৮৪ টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০ টি যানবাহন পারাপারে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।”