কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদরপুর ইউনিয়নের মোচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: রাকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু সুরাইয়া মোচাইনগর গ্রামের প্রবাসী শাহাবুলের মেয়ে।
নিহতের নানা আনারুল ইসলাম বলেন, সন্ধ্যায় মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যায় সুরাইয়া। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান বলেন, ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।