আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র শক্তিতে ‘২০-এ ২০’ ইরান: আইআরজিসি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত প্রক্রিয়া পুরোদমে চলছে।

‘ইরান আর ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম নয়’ বলে নেতানিয়াহু যে দাবি করেছিলেন, সেটিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এই মন্তব্য করলেন। খবর আল-জাজিরার।

শুক্রবার (২০ মার্চ) জেনারেল নায়েনি এক বিবৃতিতে বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০-এ ২০। এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছি, যা বিস্ময়কর। এছাড়া এগুলো মজুত করার ক্ষেত্রেও বিশেষ কোনো সমস্যা নেই।”

ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ২০ হলো একটি নিখুঁত বা পূর্ণাঙ্গ স্কোর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, “আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।”

শুক্রবার (২০ মার্চ) আইআরজিসির মুখপাত্র জানান, এই যুদ্ধ অব্যাহত থাকবে। ইরানের জনগণের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই মানুষগুলো আশা করে যে শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এই যুদ্ধ তখনই শেষ হওয়া উচিত যখন দেশ থেকে যুদ্ধের কালো মেঘ পুরোপুরি সরে যাবে।”

এদিকে, দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে সংঘাতের রূপ এখন কোন দিকে মোড় নেবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।