রাজনীতি

এনসিপি নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন 

রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা আগামীকাল শনিবার (২১ মার্চ) রাজধানীসহ দেশের বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কোথায় ঈদের নামাজ পড়বেন, শুক্রবার (২০ মার্চ) বিকেলে তা সাংবাদিকদের জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

তিনি জানান, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের জামায়াতে নামাজ আদায় করবেন। সদস্য সচিব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন সকাল ৯টায়।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত এ অংশ নেবেন তিনি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সকাল ৮টায় রাজধানীর আজমপুরে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করবেন। এনসিপির সংসদ সদস্য ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। 

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করবেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে। যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে। 

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সকাল সাড়ে ৮টায় নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।