আন্তর্জাতিক

ইরানের খার্গ দ্বীপ দখলের কথা ভাবছেন ট্রাম্প

হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য ট্রাম্প প্রশাসন দেশটির খার্গ দ্বীপ দখল বা অবরোধ করার কথা বিবেচনা করছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, “তিনি (ট্রাম্প) হরমুজ প্রণালী খোলা রাখতে চান। এর জন্য যদি তাকে খার্গ দ্বীপ দখল করতে হয়, তবে তাই করা হবে। যদি তিনি উপকূলীয় আক্রমণের সিদ্ধান্ত নেন, তবে সেটাও করা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।”

দ্বিতীয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ট্রাম্পসহ প্রত্যেক প্রেসিডেন্টের আমলেই আমরা সংঘাতে সরাসরি সেনা পাঠিয়েছি। আমি জানি এটি গণমাধ্যমের একটি প্রধান আলোচ্য বিষয় এবং আমি এর পেছনের রাজনীতিটাও বুঝি, কিন্তু প্রেসিডেন্ট সঠিক কাজটিই করবেন।” 

পারস্য উপসাগরে মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬ মাইল দূরে অবস্থিত পাঁচ মাইল দীর্ঘ প্রবাল দ্বীপ খার্গ ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সেখান দিয়ে সাধারণত দেশটির ৯০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে। যুদ্ধের প্রথম দুই সপ্তাহে মার্কিন-ইসরায়েলি হামলায় দ্বীপটি মূলত অক্ষত ছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেছেন, মার্কিন হামলায় খার্গ দ্বীপের বেশিরভাগ অংশ ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী ‘শুধু মজা করার জন্য আরো কয়েকবার’ সেখানে হামলা চালাতে পারে।