আন্তর্জাতিক

এবার যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে তারা ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে দেখছে। ইভেট কুপারের সাথে এক ফোন আলাপে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হওয়া সেই ফোন আলাপের বিবরণ দিতে গিয়ে সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাজ্যের ‘নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট’ দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের সহযোগিতা বন্ধ করার দাবি জানিয়েছেন।

বিবিসি জানিযেছে, ইরানের বিরুদ্ধে প্রাথমিক আক্রমণাত্মক হামলার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। কিন্তু পরবর্তীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট বলেছে, “আমরা প্রাথমিক হামলায় অংশ নিইনি এবং আমরা এই বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ছি না।”

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র আরো বলেছেন, “ইরানের অব্যাহত ও জঘন্য আগ্রাসনের জবাবে আমরা যুক্তরাষ্ট্রকে একটি নির্দিষ্ট প্রতিরক্ষামূলক ও সীমিত উদ্দেশ্যে আমাদের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমোদন দিয়েছি, এবং আমরা সবসময়ই বলে এসেছি যে এই জরুরি হুমকি দূর করা এবং কূটনীতির পথ পুনরুদ্ধার করার এটাই সর্বোত্তম উপায়।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে আরো বেশি জড়িত না হওয়ার জন্য বারবার এবং তীব্রভাবে যুক্তরাজ্যের সমালোচনা করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, “ব্রিটেনের সর্বোত্তম স্বার্থে কাজ করাই আমার দায়িত্ব।”