বিনোদন

চাঁদরাতে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা মারা গেছেন। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪১ বছর। বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান এসব তথ্য জানিয়েছেন।  

মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা ইন্ডাস্ট্রিতে মিলন নামেও পরিচিত। তার মৃত্যুর খবর জানিয়ে মাহবুব রহমান বলেন, “রামপুরার হাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে হঠাৎ পড়ে যান মিলন। তিনি বমি করছিলেন, বমির সঙ্গে রক্ত আসছিল। তার সঙ্গে স্ত্রী ছিলেন। তাৎক্ষণিক তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।” 

মৃত্যুকালে মিলন দুই মেয়ে, স্ত্রী ও মাকে রেখে গেছেন। শনিবার (২১ মার্চ, ঈদের দিন) বেলা ১১টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

বাবা প্রখ্যাত মেকআপ আর্টিস্ট ফারুকের হাত ধরে চলচ্চিত্রে আসেন মিলন। ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের জন্য যুগ্মভাবে বাবার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘দেবী’ সিনেমার জন্য এককভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিলন। তাছাড়াও ‘কাজলরেখা’, ‘উৎসব’, ‘সাঁতাও’–এর মতো সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি।