চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো অস্ত্রাঘাতে আহত যুবক শিমুল হোসেন কাজী (২২) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
নিহত যুবক শিমুল হোসেন কাজী (২২) একই গ্রামের লাবু হোসেন কাজীর ছেলে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঈদের আগে দিন শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকাতে অবস্থান করার সময় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এর পর হৃদয় হোসেন কাজি গ্রামে ফিরে আসলে এ বিষয়টি নিয়ে শুক্রবার (২০ মার্চ) একই গ্রামের মাহাবুলের ছেলে আব্দুল্লার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর ওইদিন সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সংঘর্ষে একই গ্রামের লাবু হোসেন কাজীর ছেলে দুই সহদর শিমুল হোসেন কাজী (২০) ও কুবির হোসেন কাজী (৩৫) গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত রাতে চিকিৎসাধীন অবস্থায় হোসেন কাজির মৃত্যু হয় এবং কুবির হোসেন কাজীকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি আরো জানান, নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।