নড়াইলের সদর উপজেলায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রোমান মোল্যা ও রেহান নামে আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবিব মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বি মোল্যা। এসময় তার পেছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও আপন ভাগ্নে রেহান। বিকেলে বিভিন্ন এলাকায় ঘুরে রাতে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান রাবিব মোল্যা। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেয় স্থানীয় লোকজন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
রবিবার (২২ মার্চ) সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাব্বি মোল্যার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হবে।