ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
রবিবার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মজিবুর রহমানের ছেলে সোহাগ রহমান (২৭), রংপুরের হারাগাছ থানার বাসিন্দা মো. মোরশেদ (৪০) এবং দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।
আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মো. রানা (৪০) ও মো. সোহেল (৩০)। দুজনেই ঢাকার নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত মো. মোরশেদ ঢাকার বাংলামোটর এলাকার ফরহাদ মার্কেটে মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন। তিনিও পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন।
এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের মধ্যে যাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করেছে।
এর আগে সড়ক বিভাগ থেকে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় একটি সেতুর মেরামত কাজ চলছে। এই কাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।