খেলাধুলা

‘দানে দানে তিন দান’, জাপানের শিরোপার উল্লাস-উদ্দীপনা

দুই দলই অপরাজিত থেকে উঠেছে ফাইনালে। এক দলের অতীত ইতিহাস সমৃদ্ধ। এর আগে নারীদের এশিয়ান কাপের ট্রফি জিতেছে দুইবার। আরেক দলের প্রথম শিরোপার হাতছানি। তাদের ছিল কেবল বুক ভরা আত্মবিশ্বাস। আর স্বাগতিক হওয়ার সুবাদে রেকর্ড ৭৪ হাজারের বেশি দর্শক গ‌্যালারিতে।

কিন্তু অভিজ্ঞতার কাছে ‘ধরা খেয়ে গেল’ অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে শিরোপা জিতেছে জাপান। ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা।

সিডনির স্টেডিয়ামে টুর্নামেন্টের রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ দর্শকের সামনে স্বাগতিকদের হতাশার দিন কাটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছেন মাইকা হামানো। ম্যাচের ১৭তম মিনিটে তার জোরালো শটই ফল নির্ধারণ করে দেয়। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে জাপান চ‌্যাম্পিয়ন হয়েছিল।

কাকতালীয়ভাবে, সেই দুটি আসরের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ১-০ গোলে জিতেছিল। এবারও তাই।

ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা তারকাদের নিয়ে গড়া জাপানি দলটি পুরো টুর্নামেন্টেই ছিল অপ্রতিরোধ্য। মাঠের সব প্রান্তে দারুণ বোঝাপড়া আর জমাট রক্ষণ নিয়ে তারা প্রতিটি প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে। ফাইনালে স্বাগতিকরা তুলনামূলক শক্ত চ্যালেঞ্জ জানালেও জাপানের শক্তির কাছে পেরে উঠেনি তারা। পুরো আসরের ৬ ম্যাচে ২৯ গোল করার বিপরীতে জাপান হজম করেছে মাত্র একটি গোল।