খেলাধুলা

নেইমার এক পায়ে খেললেও অধিকাংশ ব্রাজিলিয়ানের চেয়ে ভালো: রোনালদিনহো

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর মতে, ৩৪ বছর বয়সী সান্তোস উইঙ্গার নেইমারকে অবশ্যই জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে নেওয়া উচিত।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে, ৪৫ বছর বয়সী সাবেক ব্রাজিল, মিলান ও বার্সেলোনা তারকা রোনালদিনহো ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নেইমারকে দলে না নেওয়ায় কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে কথা বলেন।

রোনালদিনহোর বিশ্বাস, বয়স বাড়লেও নেইমার এখনো অনেক ব্রাজিলিয়ান ফুটবলারের চেয়ে অনেক এগিয়ে। তার ভাষায়, “নেইমার এক পায়ে খেললেও বর্তমান ব্রাজিল দলের বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। সত্যি বলতে, আগের মতো ব্রাজিল দলের খেলা এখন আর ততটা উপভোগ করি না। বিশ্বকাপ দলে নেইমারকে অবশ্যই রাখতে হবে।”

২০২৬ বিশ্বকাপকে ঘিরে নেইমারের দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা দিন দিন তীব্র হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টই হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে সময় যত এগোচ্ছে, চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সুযোগটা যেন তার জন্য কঠিন হয়ে উঠছে।

এদিকে দল থেকে বাদ পড়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন খোদ নেইমারও। নিজের মনের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি হতাশ এবং ব্যথিত।’’

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণের নেইমারের হাতে আছে ১৫টি ম্যাচ। পারবেন কি না, তা সময়ই বলে দেবে।