সারা বাংলা

যশোরে গরু চুরিকালে ধরা, গণপিটুনিতে মৃত্যু 

যশোরের চৌগাছা উপজেলায় গরু চুরিকালে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন থাকা আলমগীর হোসেন (৪২) মারা গেছেন। আজ রবিবার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মৃত্যুর তথ্য জানিয়েছেন। নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাসিলা গ্রামের লক্ষ্মীপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি হয়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন বেরিয়ে এসে আলমগীর হোসেনকে ধরে ফেলে। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর মারা যায়।