প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সরকারের সমালোচনা করলেও এখন আর কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না। এখন নির্ভয়ে কথা বলা যাচ্ছে।”
রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়া পল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের বিশ্ব মানচিত্রে একটি স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। অসংখ্য প্রাণ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে জাতি নতুন দিশা পেয়েছিল। স্বাধীনতার গৌরবের পাশাপাশি আমরা আরো অনেক অর্জন করেছি। তবে, স্বাধীনতাকে দুর্বল করার অপচেষ্টা যারা চালিয়েছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার মানুষের সব ধরনের স্বাধীনতা হরণ করে দেশে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি করেছিল।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “গুম ও খুনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া সবকিছু বিসর্জন দিয়েছেন। এখন অন্তত এই নিশ্চয়তা রয়েছে—মন খুলে কথা বললে গুম বা খুনের শিকার হতে হবে না।”
তিনি আরো বলেন, “তারেক রহমান যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। তবে, সবকিছু শতভাগ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। নতুন গণতন্ত্রের পথচলাকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে যারা কুৎসা রটাচ্ছে, তাদের ওপর ফ্যাসিবাদের তকমা আরোপিত হবে।”
সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। রুহুল কবির রিজভী জানান, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এর আগের দিন ২৫ মার্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।