কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আরোহী ছয়জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, আরোহী সপ্তম ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার ভোরে কাতার জানিয়েছিল, হেলিকপ্টারটি ‘নিয়মিত দায়িত্ব’ পালন করছিল এবং এতে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।
এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “তল্লাশি প্রচেষ্টার ফলে আরোহী সাতজনের মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে।”
পরবর্তী এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনা সদস্য ছিলেন।