সারা বাংলা

শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল জোহাদের, গ্রামে শোকের মাতম

কুমিল্লার পদুয়ার বাজারে সংঘটিত মর্মান্তিক ট্রেন ও বাসের সংঘর্ষে ঝিনাইদহের সদর উপজেলার মো. জোহাদ হোসেন (২৫) নিহত হয়েছেন। ঈদে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জোহাদ ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ট্রেন। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ঝিনাইদহের ৫ জন রয়েছেন। এদের মধ্যে জোহাদ একজন। পারিবারিক সূত্রে জানা গেছে, জোহাদ হোসেন ঈদের নামাজ শেষে নোয়াখালীতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

জোহাদের মৃত্যুর খবর পানামীতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা মুক্তার হোসেন।

জোহাদের প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, জোহাদ আমার খুব কাছের ছোট ভাই ছিল। অত্যন্ত বিনয়ী এবং সদালাপী ছেলে। দেখা হলেই হাসিমুখে বলতো- ভাই কেমন আছেন? ওর মতো একটা ছেলে এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।

জোহাদ হোসেনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জোহাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।