ভালো কাজের আশায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪ শিশুসহ ৩৩ বাংলাদেশী নারী-পুরুষ।
রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৪ শিশুসহ ৩৩ নারী-পুরুষকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় ভারতে যান। পরে ভারতের চেন্নাইয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন। কিন্তু অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। আজ দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে কারাভোগ শেষে তারা দেশে ফিরলেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া অফিসার সফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতে যান। চেন্নাইয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে নিয়ে যায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সৈয়দ মোর্তজা আলী জানান, অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আটক ছিলেন তারা। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।