বিনোদন

বাংলাদেশিকে বিয়ে করলেন সেই রাশিয়ান মডেল

বিয়ে করলেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও আলোচিত ইনফ্লুয়েন্সার মনিকা কবির। তার বরের নাম ওয়াহিদ জামান। বিতর্কিত এ মডেলের বর বাংলাদেশের নাগরিক। সোশ্যাল মিডিয়ায় এসব তথ্য জানিয়েছেন মনিকা। 

মনিকা কবির তার বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে অপরকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন মনিকা-ওয়াহিদ। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ধরা পড়ে, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বিয়ের পর বরের সঙ্গে ক্যামেরাবন্দি হন মনিকা কবির

তবে কবে কোথায় বিয়ে করেছেন মনিকা, তার সঠিক কোনো তথ্য জানাননি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন—“আমরা বিয়ে করেছি।” 

এর আগে এক সাক্ষাৎকারে মনিকা জানিয়েছিলেন, পাঞ্জাবি পরা বাংলাদেশি ছেলেদের তার পছন্দ। বাংলাদেশি কাউকেই বিয়ে করতে চান। অবশেষে সেই ইচ্ছা পূর্ণ করলেন তিনি। 

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। কারণ সম্প্রতি ঢাকার রাস্তায় এক পথচারীকে মারধর ও হেনস্তার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন এই মডেল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। 

মনিকার জন্ম রাশিয়ায়। বেড়ে উঠেছেন মস্কো শহরে। বেড়ে ওঠা বললে ভুল হবে, জন্মের পর পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছেন। এর আগে নিজের সম্পর্কে মনিকা বলেন, “আমার মায়ের নাম ম্যারিয়া গোজেন। আমার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। আমার রুশ ডাকনাম মনিশকা। বাবার ব্যবসাসূত্রে কখনো এশিয়া, কখনো ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি। ছেলেবেলায় বাড়িতেই পড়াশোনা করেছি, মানে হোম স্কুলিং আরকি।” 

বিয়ের পর উচ্ছ্বসিত মনিকা কবির

পাঁচ বছর বয়সে সরাসরি ক্লাস ফাইভে ভর্তি হন মনিকা। ১২ বছরে শেষ করেন কলেজের পড়াশোনা। এরপর ভর্তি হন ইউনিভার্সিটি অব লন্ডনে। অনুবাদে আগ্রহ আছে বলে পড়তে শুরু করেন ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন বিষয়ে। মাতৃভাষা রুশসহ ছয়টি ভাষায় (বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি) অনর্গল কথা বলতে পারেন।