নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে দুই সন্তানের জননী রিতা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। গৃহবধূর মরদেহ উদ্ধারের সময় তার ডান পা শিকল দিয়ে বাঁধা ছিল। যা নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিতা বেগম নামে ওই গৃহবধূর মানসিক অসুস্থতা রয়েছে— এমন সন্দেহে বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজন তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার ডান পা শিকলে বাঁধা অবস্থায় ছিল।
নিহত রিতার স্বামী রবিউলের নামে লোহাগড়া থানায় গ্রেপ্তারি পরোয়না থাকায় তিনি পলাতক রয়েছে। যে কারণে রবিউলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নিহতের শাশুড়ি বুলিনা বেগম জানান, দীর্ঘদিন সে মানসিক অসুস্থতা ছিল। এজন্য তাকে পায়ে শিকল দিয়ে বেধেঁ রাখা হতো
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।