সারা বাংলা

স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের পরিচয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই নারী

স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের পরিচয়ের দাবিতে সন্তানদের সঙ্গে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে এক যুবকের বাড়িতে অবস্থান করছেন দুই নারী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা দুই নারী আপেল মাহমুদ নামে ওই যুবকের বাড়িতে অবস্থান করছেন। আপেল মাহমুদ একই এলাকার আবু হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার থেকে দুই নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। তাদের মধ্যে একজনের সঙ্গে প্রায় ৮ বছর বয়সী এক কন্যাসন্তান এবং আরেক নারীর সঙ্গে ১৬ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

ভুক্তভোগী এক নারী বলেন, “আমি স্ত্রীর স্বীকৃতি ও আমার সন্তানের পিতৃত্বের পরিচয় চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।”

অপর ভুক্তভোগী বলেন, “আমিও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। এ দাবিতে আমি এখানে অবস্থান করছি। আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।”

স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া বলেন, “গতকাল থেকে দুই নারী এখানে অবস্থান করছেন। এতে এলাকায় মানুষের ভিড় বেড়েছে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত আপেল মাহমুদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখা সমাধানের চেষ্টা করা হবে।”