হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুরাজপুরে জন্মগ্রহণ করেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সেখানে একটি যৌথ পরিবারে তার বেড়ে ওঠা। পরবর্তীতে বলিউডে পা রেখে নিজেকে প্রমাণ করেন, পেয়েছেন অর্থ-যশ-খ্যাতি। তার মোট সম্পদের পরিমাণ ৭৪ কোটি রুপি। কিন্তু কঙ্গনার ক্যারিয়ারেও সংগ্রাম কম ছিল না। মাত্র ৫০০ রুপি নিয়ে হিমাচল থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন কঙ্গনা। ২০২৫ সালে মুক্তি পায় তার অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ‘ইমার্জেন্সি’ সিনেমা। এর শুটিংয়ের সময়ে সংগ্রামী জীবন নিয়ে কথা বলেছিলেন এই অভিনেত্রী।
কঙ্গনা রাণৌত বলেন, “আমি মুম্বাই শহরে ৫০০ রুপি নিয়ে এসেছিলাম। আমি যদি পুরোপুরি ভেঙেও পড়ি, তাহলে আবারো পুরোপুরি দাঁড়াতে পারব। আমার ভেতর সেই আত্মবিশ্বাস ও সাহস আছে। আমার কাছে কোনো সম্পত্তির তেমন মূল্য নেই।”
ঐতিহাসিক রাজনৈতিক ঘরানার ‘ইমার্জেন্সি’ সিনেমা নির্মাণ করা কঙ্গনার জন্য সহজ ছিল না। এ অভিনেত্রী জানান, সিনেমাটির কাজ সম্পন্ন করতে তার সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছিল।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কঙ্গনা ২০০৬ সালে মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘তানু ওয়েডস মানু’, ‘ফ্যাশন’, কুইন’, ‘মনিকর্নিকা’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে ‘পদ্ম শ্রী’ পুরস্কারও।
রুপালি জগতেই থমকে নেই কঙ্গনার ক্যারিয়ার। রাজনীতিতেও পা রেখেছেন এই অভিনেত্রী। ২০২৪ সালে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা।
*ইন্ডিয়া টিভি অবলম্বনে