আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান এ কথা জানান।
এর আগে ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট-পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুত্বর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন।
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম নিয়ে ছিলেন তিনি। এর পরদিনই জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।