ঈদের লম্বা ছুটি মানেই আনন্দ, বিশ্রাম আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। তবে এই ছুটির পর আবার কর্মব্যস্ত জীবনে ফিরে আসা অনেকের কাছেই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। হঠাৎ করেই নিয়মিত রুটিনে ফেরা কঠিন লাগে, কাজে মন বসে না, এমনকি শরীরও কিছুটা অলসতা অনুভব করে। তাই ছুটির পর অফিসে ফিরে নিজেকে ধীরে ধীরে কাজে অভ্যস্ত করে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ছুটির পর অফিসে ফেরা নতুন করে শুরু করার মতোই। একটু পরিকল্পনা, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা থাকলে খুব সহজেই আবার কাজের ছন্দে ফেরা যায়। ধীরে ধীরে এগোলে শুধু কাজই নয়, নিজের স্বাচ্ছন্দ্যও বজায় থাকবে।
অফিসে ফেরার প্রস্তুতি ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অফিসে যোগ না দিয়ে অন্তত একদিন আগে ফিরে আসা ভালো। এতে শরীর ও মন দুটোই নতুন রুটিনের জন্য প্রস্তুত হতে পারে। আগেভাগে অফিসের পোশাক গুছিয়ে রাখা, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা এবং কি কি কাজ বাকি রয়েছে তা ঝালিয়ে নেওয়া—এসব ছোট প্রস্তুতি কাজের চাপ অনেকটাই কমিয়ে দেয়।
প্রথম দিনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা অফিসে ফিরে প্রথম দিনেই সবকাজ শেষ করার চেষ্টা না করাই ভালো। এতে কাজের মান কমে যেতে পারে এবং মানসিক চাপও বাড়ে। বরং জরুরি কাজগুলোর একটি তালিকা তৈরি করে ধাপে ধাপে এগোন। ছোট ও সহজ কাজ দিয়ে শুরু করলে ধীরে ধীরে কাজের ছন্দ ফিরে পাওয়া সহজ হয়।
সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দিন রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর অনেকের কাজ জমে থাকতে পারে। তাই সময়কে সঠিকভাবে ভাগ করে নেওয়া জরুরি। কাজ শুরুর আগে একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। কোন কাজ আগে করবেন, কোনটি পরে। এতে কাজের গতি বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় চাপও কমবে।
অফিসের পরিবেশ উপভোগ করুন, তবে কাজকে অগ্রাধিকার দিন ছুটির পর প্রথম কয়েক দিন সহকর্মীদের সঙ্গে গল্প, অভিজ্ঞতা বিনিময়—সব মিলিয়ে অফিসে এক ধরনের উৎসবমুখর পরিবেশ থাকে। এই সময়টুকু উপভোগ করুন, তবে কাজের প্রতি মনোযোগ হারাবেন না। আনন্দ আর দায়িত্ব—দুটোর মধ্যে ভারসাম্য রাখা জরুরি।
শরীরের যত্ন নিন দীর্ঘ বিরতির পর হঠাৎ কাজ শুরু করলে শরীরের ওপরও চাপ পড়ে। তাই কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন। হালকা স্ট্রেচিং, কিছুক্ষণ হাঁটা এবং পর্যাপ্ত পানি পান—এসব অভ্যাস শরীরকে দ্রুত কর্মক্ষম করে তুলতে সাহায্য করে।