রংপুরে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মাত্র দুই মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভিডিওতে দেখা গেছে, ডিসি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও উন্নয়ন স্বার্থে নানা প্রকল্প প্রস্তাবনার কথা বলছেন। এসময় প্রতিটি বাক্যে কয়েকবার করে তিনি ‘স্যার’ সম্বোধন করছেন।
সভায় উপস্থিত কয়েকজন জানিয়েছেন, জেলা প্রশাসকের এত সংক্ষিপ্ত বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধন করা নিয়ে অনেকে বিরক্ত হচ্ছিলেন।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়া, এতে নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যরা, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা, সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।