সারা বাংলা

পঞ্চগড়ে মধ্যরাতে ৬ দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির শঙ্কা

পঞ্চগড় শহরের টিনপট্টি রোড বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ব্যবসায়ীদের আশঙ্কা, আগুনে অন্তত ছয়টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে পাশের কাপড়ের মার্কেটসহ পুরো বাজারের ক্ষতি হতে পারত।

পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি বলেন, ‍“ছয়টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”