দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রী বহনকারী মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় ঘটনাটি ঘটে।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নূরপুর গ্রামের সাইর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। ফলে অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন, যাদের মধ্যে একজন শিশু ছিল। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি আপাতভাবে মীমাংসা হয়। মীমাংসার পরও মাইক্রোবাসের চালক হঠাৎ করে অটোরিকশা চালককে থাপ্পড় মারেন এবং দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত কয়েকজন তাকে আটকে কারণ জানতে চান।
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাইক্রোবাস থেকে ১০-১২ জন যুবক নেমে এসে স্থানীয়দের ওপর হামলা চালায়। তারা উপস্থিত লোকজনকে মারধর করতে থাকেন। এ সময় মোস্তফা কামাল পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে। একপর্যায়ে মোস্তফা কামাল মাটিতে লুটিয়ে পড়েন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, “গাড়ি সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”