সারা বাংলা

নড়াইলে মধুমতি নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার হয়। নৌ-পুলিশ জানিয়েছে, মারা যাওয়া নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কোটাখোল খেয়াঘাট এলাকার মধুমতি নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তারা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। নৌ-পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।”