ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের স্বীকৃতি দিল কলকাতা। দলের অন্যতম প্রভাবশালী বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেলের ‘১২ নম্বর জার্সি’ আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করা হয়েছে। যা তাকে স্থায়ীভাবে জায়গা করে দিল ক্লাবের ঐতিহ্যের পাতায়।
কলকাতায় অনুষ্ঠিত প্রাক-মৌসুমী আয়োজন ‘নাইটস আনপ্লাগড’-এ এই ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর। তিনি জানান, রাসেলের অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।
২০১৪ থেকে ২০২৫; এই দীর্ঘ সময়জুড়ে কলকাতার জার্সিতে খেলেছেন রাসেল (২০১৭ মৌসুম ছাড়া)। তার মোট ১৪০ ম্যাচের মধ্যে ১৩৩টিই এই দলের হয়ে। দলের ২০১৪ ও ২০২৪ সালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
ব্যাট হাতে ২ হাজার ৬০০ এর বেশি রান, স্ট্রাইক রেট ১৭৪ এর ওপরে। আর বল হাতে ১২০টির বেশি উইকেট; পরিসংখ্যানই বলে দেয়, কেন রাসেলকে ঘিরে গড়ে উঠেছিল দলের আধুনিক পরিচয়।
অনুষ্ঠানে মাইসোর বলেন, “রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু মাঠেই নয়, ব্যক্তিগতভাবেও গভীর। সে সবসময় গর্বের সঙ্গে ১২ নম্বর জার্সি পরেছে। এই নম্বরটা এখন তার পরিচয়ের অংশ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জার্সিটিকে স্থায়ীভাবে অবসর দেব, তার সম্মানে।”
এই ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েন রাসেলও। তিনি বলেন, “এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক দশকের বেশি সময় কাটিয়েছি, অসাধারণ সব স্মৃতি আছে। ভিডিওটা দেখে সত্যিই আবেগ ধরে রাখতে পারিনি।”
তিনি আরও যোগ করেন, “২টি শিরোপা জেতা, দলের অংশ হওয়া; সবকিছুই বিশেষ। বিশ্বকাপ জেতা যেমন বড় অনুভূতি, তেমনি এই প্রতিযোগিতার শিরোপা জেতাও আলাদা আনন্দ দেয়। এই যাত্রাকে এত সুন্দর করে তোলার জন্য আমি কৃতজ্ঞ।”
২০২৬ মৌসুমের আগে প্রতিযোগিতা থেকে অবসর নেওয়ার পর এখন ফ্র্যাঞ্চাইজির শক্তি ও দক্ষতা উন্নয়ন কোচ হিসেবে যুক্ত হয়েছেন রাসেল। মাঠের বাইরে থেকেও তিনি দলের অংশ হয়ে থাকবেন। ঠিক যেমনটা তার ‘১২ নম্বর জার্সি’ থেকে যাবে কলকাতার ইতিহাসে অমলিন হয়ে।