চোট নয়, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ এই কারণ দেখিয়ে দলে রাখা হয়নি। অথচ সেই সময়টাতেই প্রায় ২৪ ঘণ্টা উচ্চ বাজির অনলাইন পোকার খেলেছেন নেইমার। এমন অভিযোগে নতুন করে বিতর্কের মুখে ব্রাজিলিয়ান এই তারকা।
সান্তোসের সর্বশেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে ০-০ ড্রয়ের ম্যাচে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত চাপ এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
কিন্তু ব্রাজিলিয়ান গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে দাবি করা হয়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলা একটি অনলাইন পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। যেখানে অংশগ্রহণের ফি ছিল ৫,০০০ ডলারেরও বেশি। শুধু শনিবারই অন্তত ৪ বার নতুন করে অংশ নেন তিনি, যার জন্য ব্যয় হয় ২০,০০০ ডলারের বেশি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নেইমার নিজেও। তিনি বলেন, “গত কয়েকদিন খেলতে পারিনি, কারণ আমাকে বিশ্রামে রাখা হয়েছিল। তাই এই সময়টা আমি আমার সবচেয়ে পছন্দের কাজ, ফুটবলের পাশাপাশি কিছুটা পোকার খেলায় কাটিয়েছি।”
পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন কিছু নয়। ২০১৪ সাল থেকেই এই খেলায় সক্রিয় তিনি। এমনকি নিজের পোষা কুকুরের নামও রেখেছেন ‘পোকার’।
তবে এই শখের কারণেই আগেও সমালোচনায় পড়েছেন তিনি। ২০২৩ সালে চোট থেকে সেরে ওঠার সময় এক লাইভ সম্প্রচারে মাত্র ২ ঘণ্টায় প্রায় ১০ লাখ ইউরো হারানোর ঘটনাও বেশ আলোচিত হয়েছিল। ২০২৪ সালে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে মোবাইলে পোকার খেলতে দেখা যাওয়ায়ও সমালোচনার মুখে পড়েন।
ঠিক এমন সময়েই এই বিতর্ক সামনে এলো, যখন ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছেন কোচ কার্লো আনচেলত্তি। সাম্প্রতিক দলে জায়গা পাননি নেইমার, যা তার বিশ্বকাপ খেলার সম্ভাবনাকেও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
তবে সাবেক তারকা রোমারিও তাকে সমর্থন জানিয়ে বলেছেন, “দলের জন্য সেরা খেলোয়াড়দেরই দরকার। নেইমার ১০০% ফিট না থাকলেও তাকে দলে রাখা উচিত। প্রতিভাকে কখনো অপচয় করা যায় না।”
এদিকে মৌসুমে ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে সান্তোস। সামনে ২ এপ্রিল রেমো-পিএ’র বিপক্ষে ম্যাচ। সেখানে নেইমারের কাছ থেকে বড় পারফরম্যান্সই আশা করছে দল।