সারা বাংলা

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে করবস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন। সংঘর্ষ চলাকালে দুটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি হাতিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর গ্রামের কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত আটজন আহত হন। নাইম ও আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মর্গে থাকা মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।