আন্তর্জাতিক

ট্রাম্পের কূটনীতির দাবি বিশ্বাসযোগ্য নয়: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব এবং মধ্যস্থতার দাবিকে সরাসরি ‘অবিশ্বাসযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। খবর আল-জাজিরার। 

বুধবার (২৫ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, ইরানের ওপর যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ চলছে, তখন কূটনীতির কথা বলা হাস্যকর। অতীতে আলোচনারত অবস্থায় হামলায় শিকার হওয়ার অভিজ্ঞতাকে তিনি ‘কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে বর্ণনা করেছেন। 

বাঘাই বলেন, “আমরা গতকালই পরিষ্কার করে দিয়েছি যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না। মার্কিন কূটনীতি নিয়ে আমাদের অত্যন্ত ‘বিপর্যয়কর’ অভিজ্ঞতা রয়েছে। পারমাণবিক সমস্যা সমাধানের আলোচনার প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় নয় মাসের ব্যবধানে আমাদের ওপর দুইবার হামলা চালানো হয়েছিল। এটি ছিল কূটনীতির সঙ্গে একটি বিশ্বাসঘাতকতা।”

তিনি জানান, অনেক দেশই ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।

বাঘাই বলেন, “গত কয়েকদিন ধরে বিভিন্ন বার্তা আদান-প্রদান হচ্ছে... আমরা সেই বার্তাগুলোর জবাব দিয়েছি। আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট- আমরা নিজেদের রক্ষা করা চালিয়ে যাব।”

বাঘাই আরও যোগ করেন, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, “বাস্তবতার দিকে তাকান। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার। এমতাবস্থায় তাদের কূটনীতি ও মধ্যস্থতার দাবি বিশ্বাসযোগ্য নয়। কারণ তারাই এই যুদ্ধ শুরু করেছে এবং তারা ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। তাহলে কেউ কি বিশ্বাস করতে পারে যে তাদের মধ্যস্থতার দাবি সত্য?”

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে তেহরানের বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়িতে মার্কিন-ইসরায়েলি হামলার অভিযোগও করেন। 

পোস্টে বাঘাই লিখেন, “কিয়ারোস্তামির বাড়ি কি যুক্তরাষ্ট্রের জন্য কথিত কোনো ‘আসন্ন হুমকি’ ছিল? সত্য হলো, এই মার্কিন-ইসরায়েলি যুদ্ধ কেবল একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়- এটি একটি গভীর শিকড়যুক্ত সংস্কৃতি, সভ্যতা এবং পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধ।”

আব্বাস কিয়ারোস্তামি তার বিখ্যাত চলচ্চিত্র ‘টেস্ট অব চেরি’-র জন্য কান চলচ্চিত্র উৎসবে পাম দোর জয় করেছিলেন। এছাড়াও তিনি ‘ক্লোজ-আপ’ এবং ‘হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউস’-এর মতো চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত।