ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ কার্যক্রম চালু এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আকিকো ওয়াতানাবে, ইউকা ইওয়াদা ও কোকোরো কামিতানি। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিতে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অতিথিদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কেও ধারণা দেন। এছাড়া, ঢাবির শিক্ষা কার্যক্রমের প্রতি জাপানি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে উপাচার্য তাদের ধন্যবাদ জানান।