পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
তারা হলেন- রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। নিহতদের বাড়ি জেলার রাঙাবালী উপজেলায়। তারা তরমুজ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙাবালী থেকে একটি তরমুজবোঝাই ট্রলার ঢাকার উদ্দেশে রওনা দেয়। ভোররাতে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা এমভি প্রিন্স আওলাদ-৭ নামের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ৪০০ তরমুজসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ৬ জন ছিলেন। এর মধ্যে, তিন জন কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিন থেকে একজন বের হলেও দুই জন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”