সারা বাংলা

মানিকগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার-সংলগ্ন পুরাতন ট্রলারঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) ও তার চাচাতো বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ, সাদিয়া ও সাদিয়ার ছোট বোন নদীতে গোসল করতে নামে। এ সময় ছোট বোন দূরে চলে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আকাশ ও সাদিয়া। একপর্যায়ে তারা নিজেরাই পানিতে ডুবে যায়। প্রথমে আকাশ নিখোঁজ হয়, এরপর কিছুক্ষণ পর সাদিয়াও পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।