আন্তর্জাতিক

আলোচনার স্থান হিসেবে তুরস্ক বা পাকিস্তানকে বেছে নেবে ইরান

পাকিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে একটি প্রস্তাব পৌঁছে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ প্রশমনের জন্য আলোচনার স্থান হিসেবে পাকিস্তান বা তুরস্ককে বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরান। বুধবার রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে দেওয়া এই মন্তব্যগুলো এমন এক বিরল ইঙ্গিত দেয় যে, তেহরান কূটনৈতিক প্রস্তাব বিবেচনা করতে পারে। অবশ্য দেশটি প্রকাশ্যে জোর দিয়ে বলেছে, কোনো আলোচনা চলছে না এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কোনো চুক্তি করবে না।

ইরানি সূত্রটি পাকিস্তানের পাঠানো প্রস্তাবের বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।

সূত্রটি বলেছে, তুরস্কও ‘যুদ্ধ শেষ করতে সাহায্য করেছে এবং এই ধরনের আলোচনার স্থান হিসেবে তুরস্ক বা পাকিস্তানকে বিবেচনা করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫-দফা পরিকল্পনা পাঠিয়েছে- এমন খবরের পর বুধবার তেলের দাম কমে যায় এবং ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা প্রায় চার সপ্তাহের যুদ্ধের অবসানের আশা করছেন, যে যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে নিশ্চিত করেছে যে, পরিকল্পনাটি ইরানে পাঠানো হয়েছিল।

ইসরায়েলি মন্ত্রিসভার তিনটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে এই প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়েছে। তাদের মতে, এই প্রস্তাবে ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।