সারা বাংলা

পদ্মায় বাসডুবি: দুই নারীর লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা সিভিল সার্জন এস এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই নারীর লাশ রয়েছে।”

জানা যায়, দুপুরে বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। বিকেলে সেটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার অপেক্ষায় ছিল। সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বাসটি নদীতে পড়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা যায়, ডুবে যাওয়ার পাঁচ সেকেন্ড পর থেকে প্রায় দেড় মিনিটের মধ্যে বাসের যাত্রীদের মাত্র আট জন ভেসে উঠেন। এরপর উঠতে থাকে বাসে থাকা যাত্রীদের ব্যাগ। পন্টুনে থাকা অনেকে ভেসে উঠা যাত্রীদের উপরে তুলে আনতে নদীতে ঝাঁপ দেন; অনেকে গামছা ও দড়ি ফেলে ভেসে উঠা যাত্রীদের তুলে আনেন।

আরেক ভিডিওতে দেখা যায়, বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে ছিল। ফেরিটি পন্টুনে যুক্ত ছিল। ফেরিতে যাত্রী ও যানবাহন ছিল। চলন্ত বাসটি মুহূর্তের মধ্যে পন্টুন থেকে নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “ঢাকাগামী বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।”