কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দী অবস্থায় নূর হালিমা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূর হালিমা ওই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে।
পুলিশ জানায়, ক্যাম্পের ই-ব্লকের পাশের একটি ময়লার স্তূপের কাছে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে জানায়। খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা বিষয়টি উখিয়া থানাকে অবহিত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উখিয়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”